সাফল্যের গল্প • তিন লাখ থেকে ১৫ লাখ, তমা মির্জার পারিশ্রমিকে বড় চমক
১৬ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
সমসাময়িক নানা সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন পাথওয়ে এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন । শিল্পপতি ও ব্যবসায়ীদের একটি অংশের বিরুদ্ধে সিন্ডিকেট গঠন, অতিরিক্ত মুনাফার প্রবণতা, সাধারণ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে সম্পদ অর্জন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
"মানুষ, তুমি মানুষ হও। মানবিক হও" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, একদিন সেই মাটিতেই সবাইকে ফিরে যেতে হবে। অথচ বর্তমান সময়ে কিছু তথাকথিত শিল্পপতি ও ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের কষ্টের ওপর সম্পদের পাহাড় নির্মাণ করছেন। জীবনের প্রকৃত সফলতা শুধু বিপুল সম্পদের মালিক হওয়া নয়, বরং মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া অর্জন করা।
শিল্পপতিদের উদ্দেশে মোঃ শাহিন প্রশ্ন রাখেন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নাম লেখানোই কি জীবনের সবচেয়ে বড় সফলতা? নাকি কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া অর্জন করাই প্রকৃত সার্থকতা? তার মতে, জাকারবার্গ, ইলন মাস্ক কিংবা বিল গেটসের মতো বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে পৌঁছানোর প্রতিযোগিতায় নামতে গিয়ে কোনোভাবেই সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করা উচিত নয়। মানুষের শ্রম ও কষ্টের বিনিময়ে অর্জিত অর্থ দিয়ে বিত্তশালী হওয়ার প্রতিযোগিতা মানবিকতার পরিচয় হতে পারে না।
তিনি বলেন, কারও ব্যাংক হিসাবে কত হাজার কোটি টাকা রয়েছে, তা দিয়ে তার মনুষ্যত্বের বিচার করা যায় না। বরং তার কারণে কতজন মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পেরেছেন, কতজন শ্রমিক ন্যায্য মজুরি পেয়েছেন এবং কতজন অসহায় মানুষ দুবেলা খাবারের ব্যবস্থা করতে পেরেছেন, সেটিই হওয়া উচিত তার মানবিক পরিচয়ের মাপকাঠি।
একজন শিল্পপতি কেবল একটি প্রতিষ্ঠানের মালিক নন উল্লেখ করে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন, অসংখ্য পরিবারের স্বপ্ন এবং দেশের অর্থনীতি জড়িয়ে থাকে। একজন মালিক চাইলে হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। আবার তার একটি অন্যায় সিদ্ধান্তের কারণে হাজার পরিবারের চোখের পানির কারণও হতে পারেন।
সম্পদের চেয়ে বড় মানুষের কর্মের হিসাব
বক্তব্যে মৃত্যুর পর মানুষের অর্জন ও রেখে যাওয়া সম্পদের প্রসঙ্গ তুলে মোঃ শাহিন বলেন, মানুষ একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে। তখন তার সঙ্গে বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, ব্যাংকের টাকা কিংবা প্রতিষ্ঠানের মালিকানা কোনোটিই যাবে না। সঙ্গে থাকবে শুধু তার কর্মের হিসাব।
তিনি প্রশ্ন রাখেন, যাদের জন্য এত সম্পদ অর্জন করা হচ্ছে, মৃত্যুর পর সেই পরিবারই বা কত দিন তাকে মনে রাখবে? স্ত্রী-সন্তান কিংবা পরিবারের সদস্যরা মূলত তাদের প্রতি পালন করা দায়িত্ব ও কর্তব্যের কথাই স্মরণ করবেন। একজন স্ত্রী বলতে পারেন, স্বামী হিসেবে তার ভরণপোষণের দায়িত্ব ছিল। সন্তান বলতে পারে, জন্ম দেওয়ার পর লালন-পালনের দায়িত্ব ছিল বাবার। কিন্তু সেই সম্পদ কীভাবে অর্জিত হয়েছে, অন্যের অধিকার ক্ষুণ্ন করে সম্পদ গড়ে তোলা হয়েছে কি না, সেটি পরিবারের সদস্যদের কাছে সব সময় প্রধান বিবেচ্য বিষয় নাও হতে পারে।
তার ভাষায়, কারও ছেলে সন্তান না থাকলে ভাইয়েরাও সম্পদের অংশীদার হতে পারেন। এত কষ্ট করে অন্যের অধিকার নষ্ট করে সম্পদ উপার্জনের পরিণতি কী, তা প্রত্যেক বিত্তশালী মানুষের একবার ভেবে দেখা উচিত।
তিনি বলেন, কোনো শ্রমিকের ন্যায্য পাওনা আটকে রাখা, অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া কিংবা সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের দাম অন্যায়ভাবে বাড়িয়ে দেওয়ার জবাবদিহি একদিন করতেই হবে। অন্যদিকে, যারা মানুষের উপকার করেন, অসহায়দের পাশে দাঁড়ান এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, তাদের জন্য মানুষের দোয়া ও ভালোবাসাই হয়ে ওঠে অমূল্য সম্পদ।
বাংলাদেশের অতীতের অনেক শিল্পপতি ও প্রতিষ্ঠানের মালিকের উদাহরণ টেনে তিনি বলেন, একসময় অনেকেই বিপুল সম্পদ ও প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তারা হারিয়ে গেছেন। তাদের সম্পদ কিংবা প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকলেও অনেকের নাম মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেনি। দুনিয়ায় থেকেও যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত না হয়, তাহলে সেই সম্পদের সার্থকতা কোথায়?
তেল, পেঁয়াজ, চাল থেকে গ্যাস সিন্ডিকেটের চাপে সাধারণ মানুষ
বাজারে সিন্ডিকেটের প্রসঙ্গ তুলে পাথওয়ে এর নির্বাহী পরিচালক বলেন, তেল, পেঁয়াজ, চাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটের অভিযোগ সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে। অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন স্বল্প আয়ের মানুষ।
তিনি বলেন, একজন মানুষ দিনে কতটুকু খাবার গ্রহণ করতে পারেন? একজন ব্যক্তিকে যদি বলা হয়, তার এক দিনের উপার্জন এক দিনেই খরচ করে খাবার খেয়ে শেষ করতে হবে, তিনি কি তা পারবেন? এমনকি পুরো পরিবার মিলেও একজনের বিপুল উপার্জন এক দিনে ভোগ করতে পারবে না। তাহলে কেন প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেট করে আরও বেশি সম্পদ অর্জনের চেষ্টা?
নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, একজন রিকশাচালক সারা দিন রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে তাকে চাল, ডাল, তেল, লবণ ও ওষুধ কিনতে হয়। পাশাপাশি ঘরভাড়া পরিশোধ, সন্তানের পড়াশোনা এবং পরিবারের অন্যান্য খরচও বহন করতে হয়।
একজন দিনমজুর সকালে ঘর থেকে বের হন এই আশায় যে, সন্ধ্যায় বাড়ি ফিরে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবেন। একজন পোশাকশ্রমিক মাসের পর মাস পরিশ্রম করেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সংসার চালাতে হিমশিম খান।
একজন মা যখন বাজারে গিয়ে দেখেন, হাতে থাকা অর্থ দিয়ে সন্তানের প্রয়োজনীয় খাবার কেনা সম্ভব হচ্ছে না, তখন তার মনের কষ্ট কতটা গভীর হতে পারে, তা বিত্তশালী ব্যবসায়ীরা কখনো অনুভব করেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
মোঃ শাহিন বলেন, বিত্তশালীদের কাছে এক হাজার টাকা সামান্য মনে হলেও একটি দরিদ্র পরিবারের কাছে এই অর্থ কয়েক দিনের খাবারের ব্যবস্থা হতে পারে। পণ্যের মূল্যবৃদ্ধি কোনো কোনো ব্যবসায়ীর কাছে অতিরিক্ত মুনাফার সুযোগ হলেও সাধারণ মানুষের কাছে তা সন্তানের দুধ কমিয়ে দেওয়া, বৃদ্ধ বাবার ওষুধ না কেনা কিংবা মেয়ের পড়াশোনার খরচ বন্ধ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, একজন মানুষের ক্ষুধাকে ব্যবসার সুযোগ হিসেবে দেখা উচিত নয়। মানুষের অসহায়ত্বকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়ে তোলাও মানবিক কাজ নয়। নিজের পরিবারের সদস্যদের জীবনযাত্রার পাশাপাশি সমাজের নিম্ন আয়ের পরিবারগুলোর অবস্থাও একবার ভেবে দেখা প্রয়োজন।
একই কাতারে নামাজ, অথচ বাজারে কেন বৈষম্য?
ধর্মীয় ও মানবিক মূল্যবোধের বিষয়টি তুলে ধরে মো. শাহিন বলেন, মহান আল্লাহ যে মাটি দিয়ে একজন ধনী মানুষকে সৃষ্টি করেছেন, একই মাটি দিয়ে একজন দরিদ্র মানুষকেও সৃষ্টি করেছেন। মৃত্যুর পর সবাইকে সাড়ে তিন হাত মাটির নিচে আশ্রয় নিতে হবে। সেখানে ধনী-দরিদ্রের জন্য আলাদা কোনো জায়গা কিংবা ভিন্ন মাপের ব্যবস্থা নেই।
তিনি বলেন, মসজিদে নামাজ আদায়ের সময় সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একই কাতারে দাঁড়ান। সেখানে কে ধনী আর কে দরিদ্র, সেই ভেদাভেদ থাকে না। একজন দরিদ্র মানুষ সামনের কাতারে দাঁড়ালেও অন্যরা তার পেছনে দাঁড়িয়ে ইবাদত করেন।
তাহলে মসজিদে যে মানুষটিকে নিজের ভাই হিসেবে গ্রহণ করা হচ্ছে, বাজারে গিয়ে সেই মানুষটির অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে কেন? যে ব্যক্তির পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করা হচ্ছে, সেই ব্যক্তিই হয়তো বাজারে গিয়ে কোনো প্রতিষ্ঠানের পণ্য কেনার সামর্থ্য হারাচ্ছেন। একই কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর সেই মানুষের অধিকার থেকে তাকে বঞ্চিত করা কোনোভাবেই মানবিকতার পরিচয় হতে পারে না।
তিনি আরও বলেন, ইসলাম মানুষকে ন্যায়বিচার, সততা, আমানতদারি ও অন্যের অধিকার রক্ষার শিক্ষা দেয়। ব্যবসা একটি সম্মানজনক পেশা এবং সৎ ব্যবসায়ী সমাজের জন্য আশীর্বাদস্বরূপ। কিন্তু প্রতারণা, মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি কিংবা অন্যায়ভাবে মানুষের অর্থ আত্মসাৎ কোনোভাবেই নৈতিক ব্যবসার পরিচয় হতে পারে না।
তার মতে, একজন ব্যবসায়ী যদি সিন্ডিকেটের পথ পরিহার করে মানুষের দোয়া অর্জন করতে পারেন, তাহলে সেটিই হবে তার বড় সাফল্য। মানুষের অধিকার রক্ষা করে সততার সঙ্গে সম্পদ অর্জন করাই হওয়া উচিত প্রত্যেক ব্যবসায়ীর লক্ষ্য।
মৃত্যুর পর সম্পদ নয়, প্রতিষ্ঠানের পাহারাদারও হতে পারবেন না
অন্যায়ভাবে অর্জিত সম্পদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সাধারণ মানুষের অর্থ ও অধিকার ক্ষুণ্ন করে যে সম্পদ গড়ে তোলা হয়, মৃত্যুর পর সেই সম্পদের ওপরও প্রকৃত মালিকের কোনো নিয়ন্ত্রণ থাকে না। মানুষ চলে যাওয়ার পর তার প্রতিষ্ঠানের সম্পদ কীভাবে বেহাত হচ্ছে, তা দেখার কিংবা ঠেকানোর কোনো সুযোগও তার থাকে না।
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কিছু ব্যবসায়ী ও প্রভাবশালী গোষ্ঠী সেবামূলক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কিংবা মানুষের প্রয়োজনকে পুঁজি করে অর্থ উপার্জনের সুযোগ খোঁজেন। কোথায় কীভাবে সিন্ডিকেট করে বেশি টাকা আয় করা যায়, সেই চিন্তাতেই তারা ব্যস্ত থাকেন।
এ প্রসঙ্গে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, মৃত্যুর পর যদি কাউকে তার নিজের প্রতিষ্ঠানে এক দিনের জন্যও পাহারাদারের দায়িত্ব দিয়ে রাখা হতো, তাহলে তিনি দেখতে পেতেন তার সম্পদ কীভাবে অন্যদের হাতে চলে যাচ্ছে। কিন্তু তখন আর কিছু করার সুযোগ থাকবে না। মানুষের ভালোবাসার পরিবর্তে যদি ঘৃণা অর্জন করে কেউ পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে বিপুল সম্পদও তার জীবনের সার্থকতা এনে দিতে পারবে না।
তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের জন্য শুধু অর্থ-সম্পদ রেখে যাওয়ার চিন্তা না করে একটি সম্মানজনক পরিচয় রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। সন্তান যেন সমাজে মাথা উঁচু করে বলতে পারে, তার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি মানুষের অধিকার নষ্ট করেননি, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধের চেষ্টা করেছেন।
মোঃ শাহিনের মতে, মৃত্যুর পর মানুষ যেন সন্তানকে দেখে বলে, তার বাবা একজন ভালো মানুষ ছিলেন এর চেয়ে বড় উত্তরাধিকার আর কিছু হতে পারে না। হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেও যদি মানুষ সেই ব্যক্তির নাম শুনে ঘৃণা প্রকাশ করে, তাহলে সেই সম্পদের প্রকৃত সার্থকতা কোথায়? অন্যদিকে, তুলনামূলক কম সম্পদ রেখে গেলেও যদি কেউ হাজার মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করতে পারেন, সেই সম্মান কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়।
শ্রমিকের ঘামেই গড়ে ওঠে শিল্পপ্রতিষ্ঠানের সফলতা
শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের ইটের সঙ্গে শ্রমিকের পরিশ্রম জড়িয়ে থাকে। একটি প্রতিষ্ঠানের প্রতিটি সফলতার পেছনে অসংখ্য মানুষের ঘাম।